| শিরোনাম |
|
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
গনকণ্ঠ প্রতিবেদক (রাজবাড়ী)
|
![]() ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) ভোর ৪টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া প্রান্তিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে মোট ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এর আগে মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় প্রান্তে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। তীব্র শীতের মধ্যে ঘাট এলাকায় আটকে পড়া চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, নদীতে কুয়াশার ঘনত্ব কমে এসে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৫টি ফেরি প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে যে কোনো সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। |