| শিরোনাম |
|
গণমানুষের মতামতকে ভিত্তি করে রাজনীতি করতে চান তারেক রহমান
গনকণ্ঠ ডেস্ক
|
![]() গণমানুষের মতামতকে ভিত্তি করে রাজনীতি করতে চান তারেক রহমান দলীয় সূত্র জানায়, গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে শিগগিরই সর্বস্তরের মানুষের কাছ থেকে মতামত আহ্বান করবেন তারেক রহমান। এ লক্ষ্যেই সাধারণ মানুষের জন্য একটি কিউআর কোড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে যে কেউ যেকোনো বিষয়ে নিজের মতামত জানাতে পারবেন। এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে বিএনপি চালু করেছে ‘ম্যাচ মাই পলিসি ডট নেট’ নামে একটি ওয়েবসাইট। দলের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতেই বিএনপি দল পরিচালনা থেকে শুরু করে নির্বাচন, জনরায়ে সরকারের গেলে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ধরনের কাজ করতে চায়। যাতে করে বিএনপি এবং ভবিষ্যৎ সরকারের প্রতিটি কার্যক্রমেই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এজন্যই আমাদের চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন।’ জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই ‘ম্যাচ মাই পলিসি’ নামে এই নতুন ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, www.matchmypolicy.net ওয়েবসাইটে গিয়ে যে কোনো নাগরিক দলের নীতিগত বিষয়ে মতামত দিতে পারবেন। এটি বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম। অ্যাপটি সোয়াইপভিত্তিক, যেখানে বিএনপির বিভিন্ন নীতির সঙ্গে ব্যবহারকারীর মতামত মিলিয়ে দেখার সুযোগ থাকবে। পাশাপাশি একটি ‘Opinion’ অপশনের মাধ্যমে লিখিত পরামর্শও দেওয়া যাবে। এ বিষয়ে বিএনপির সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিএনপি মনে করে, ম্যাচ মাই পলিসি কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়—এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।’ সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে নির্বাচনি প্রচারে নামবেন তারেক রহমান। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ জানুয়ারি থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’ দলীয় সূত্র জানায়, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ওই দিন সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে নির্বাচনি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। |