| শিরোনাম |
|
ওয়ানডের রেকর্ড ভেঙে দিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি
গনকণ্ঠ ডেস্ক
|
![]() ওয়ানডের রেকর্ড ভেঙে দিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি আগামী ১২ জুন ইংল্যান্ডে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মনে করছে, নারী ফুটবলে লায়নেসেস এবং নারী রাগবি ইউনিয়নে রেড রোজেসের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় আসন্ন গ্রীষ্মটি যুক্তরাজ্যে নারী ক্রিকেটের জন্যও একটি ঐতিহাসিক সময় হয়ে উঠতে পারে। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠিত সেই ফাইনাল নারী ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে নারীদের ক্রিকেটে বড় অগ্রগতি আসে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতা চালুর মাধ্যমে। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডকে ফেভারিটদের তালিকায় রাখা হলেও সাম্প্রতিক আসরগুলোতে প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি। গত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরেই তারা ফাইনালে উঠতে পারেনি। নতুন কোচ শার্লট এডওয়ার্ডসের অধীনে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তবে এডওয়ার্ডস বিশ্বাস করেন, ঘরের মাঠের সমর্থন দলকে নতুন করে শিরোপার স্বপ্ন দেখাতে পারে। ২০০৯ সালে প্রথম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন তিনি। বিবিসি স্পোর্টকে এডওয়ার্ডস বলেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা দলের জন্য বড় ভূমিকা রাখে। এতে শুধু দল নয়, পুরো খেলাটাই উপকৃত হয়।’ ১২ দলের এই টুর্নামেন্টে ইংল্যান্ড তাদের গ্রুপ পর্ব শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে, এজবাস্টনে। একই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাছাইপর্ব পেরিয়ে আসা আরও দুটি দল। আগামী ৫ জুলাই লর্ডসে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। লর্ডস ছাড়াও হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড, দ্য ওভাল, ব্রিস্টল ও সাউদাম্পটনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টিকিট বিক্রির এই সাফল্যকে বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট। তিনি বলেন, ‘এত আগেই এক লাখ টিকিট বিক্রি হওয়া সত্যিই রোমাঞ্চকর। ২০১৭ সালের পুরো বিশ্বকাপের চেয়েও বেশি টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, এটা অবিশ্বাস্য। ওই টুর্নামেন্টটি ইংল্যান্ড ও ওয়েলসে নারী ক্রিকেটের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। এবার ছয় মাস আগেই এত বেশি টিকিট বিক্রি হওয়া আমাদের জন্য বড় উৎসাহ।’ |