| শিরোনাম |
|
নাগেশ্বরীর দুর্গম চরে গৃহবধূকে গলাকেটে হত্যা
গনকণ্ঠ প্রতিবেদক, কুড়িগ্রাম :
|
![]() নাগেশ্বরীর দুর্গম চরে গৃহবধূকে গলাকেটে হত্যা নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। আজিজুল ইসলাম পাশ্ববর্তী কালারচর বাজারে একটি ছোট চায়ের দোকান চালিয়ে সংসার পরিচালনা করতেন। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আজিজুল ইসলাম বড় মেয়েকে নিয়ে বাজারে তার চায়ের দোকানে ছিলেন। আর চার বছরের ছোট মেয়েকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন শহিদা বেগম। রাত ৮টার দিকে রান্নার প্রস্তুতি নিতে টিউবওয়েলের পাড়ে গেলে সেখানে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহিদা বেগমের গলার শ্বাসনালী কেটে দেওয়া হয়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার হাতেও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রতিবেশীরা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় কচাকাটা থানা পুলিশ। দুটি নদী ও একাধিক চর পেরিয়ে সেখানে পৌঁছাতে পুলিশকে বেগ পেতে হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গনকণ্ঠকে বলেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় পৌঁছাতে সময় লেগেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। |