| শিরোনাম |
|
হবিগঞ্জে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড
গনকণ্ঠ প্রতিবেদক (হবিগঞ্জ)
|
![]() হবিগঞ্জে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড গত বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত বাহুবল উপজেলার লামাতাসী ও পুটিজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে উপজেলার অমৃতা গ্রামের আখলাস মিয়ার ছেলে সোহেল মিয়াকে (৩৫) কৃষিজমির টপ সয়েল কাটতে গিয়ে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তাৎক্ষণিক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে বলেন, “কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। |