| শিরোনাম |
|
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান
গনকণ্ঠ ডেস্ক
|
![]() স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। দেশ পরিচালনা হবে জনগণের রায়ের মাধ্যমে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার।’ বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কিন্তু ৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুণী ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এই গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে দেশের মানুষের কাছে।’ তিনি আরও বলেন, ‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছে মানুষের মর্যাদা নেই।’ গুপ্তদের বক্তব্যের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে।’ তিনি বলেন, ‘কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কিভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিষহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিৎ শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ স্বৈরাচার সরকারের সঙ্গে গুপ্তদের সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার সরকারের সঙ্গে তারা প্রতিবারই একসঙ্গে ছিল। তারা হলো মুদ্রার এপিঠ ওপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তাদের সঙ্গে ছিলেন তারা।’ বরিশালের সমস্যাগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, নদীভাঙন এই অঞ্চলের সবচেয়ে বড় সংকট। এ সমস্যা সমাধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন। তিনি বলেন, অনেক উন্নয়নকাজ এখনো বাকি রয়েছে, যা বাস্তবায়নে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির শাসনামলে অনেক উন্নয়নকাজ শুরু হলেও সেগুলো শেষ করা সম্ভব হয়নি। সেগুলোর সমাধানে বিএনপি আবারও কাজ করতে চায়। নারীদের ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘নারীদের ঘরে বন্দী করে রেখে দেশকে সামনে নেয়া যাবে না। নারী-পুরুষ এক সঙ্গে মিলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব হবে না।’ শেষে তিনি বলেন, ‘গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে অপমানজনক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। গুপ্তরা জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তাদের বক্তব্যে তাদের মানসিকতা ফুটে উঠেছে। তারা ক্ষমতায় গেলে জনজীবনে দুর্বিষহ অবস্থা তৈরি হবে।’ |