সোমবার ১১ মে ২০২৬ ০৫:০৫:০৬ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
রেলক্রসিং–অটোরিকশার চাপে স্থবির ময়মনসিংহ: বিশ্বের ধীরগতির তালিকায় নবম
কামরুল হাসান রবি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি::
Published : Monday, 23 February, 2026
রেলক্রসিং–অটোরিকশার চাপে স্থবির ময়মনসিংহ: 
বিশ্বের ধীরগতির তালিকায় নবমযানজট, জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়নের চাপে ক্রমেই স্থবির হয়ে পড়ছে ময়মনসিংহ। ঘর থেকে বের হলেই দীর্ঘ যানবাহনের সারি, হর্নের শব্দ আর ধোঁয়ায় বিপর্যস্ত নগরজীবন—এ যেন প্রতিদিনের চিত্র। প্রকল্প নেওয়া হলেও বাস্তবায়নের ধীরগতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতায় পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই। অনেক স্থানে ড্রেনের কাজ চলমান থাকলেও শেষ হয়নি। নানা সময় ঘটছে দূর্ঘটনা। 

এছাড়া শহরের ভেতরে রয়েছে ১০টি রেলক্রসিং। প্রতিদিন ৪৭টি ট্রেন এসব লেভেলক্রসিং দিয়ে চলাচল করে। ট্রেন পারাপারের সময় দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল, ফলে নতুনবাজার লেভেলক্রসিং, মিন্টু কলেজ লেভেলক্রসিংসহ আশপাশের এলাকায় কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে নীতিমালা ছাড়াই গড়ে ওঠা সুউচ্চ ভবন। 

পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় সড়কের একাংশ দখল করে রাখা হচ্ছে, যা যান চলাচলকে আরও ব্যাহত করছে। ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনা করলেও অদৃশ্য কারণে বন্ধ করছে না প্রশাসন। গত কয়েক মাস পূর্বে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান National Bureau of Economic Research–এর এক প্রতিবেদনে ১৫২টি দেশের ১ হাজার ২০০টির বেশি শহরের যান চলাচলের গতি বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বের ধীরগতির শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ময়মনসিংহ। 

এ তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলের কোন দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি সিটি কতৃপক্ষকে। ময়মনসিং শহরের পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া মোড়, ত্রিশাল বাসস্ট্যান্ড, নতুনবাজার ট্রাফিক মোড়, সি কে ঘোষ রোড, জিলা স্কুল মোড়, কাচারিপুকুর, দুর্গাবাড়ি মোড়, জুবিলি ঘাট ও কালীবাড়ি এলাকায় প্রতিদিনই তীব্র যানজট দেখা যায়।

 সকাল থেকে রাত পর্যন্ত এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকে যানবাহন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী—সবাইকে প্রতিদিন সময় ও কর্মঘণ্টা হারাতে হচ্ছে এই জটে। ট্রাফিক বিভাগের তথ্যমতে, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় প্রায় ১২ হাজার বৈধ রিকশা ও অটোরিকশা চলাচল করছে। 

এর বাইরে অবৈধভাবে চলছে আরও কয়েক হাজার যানবাহন। ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, “বিশ্বের উন্নত শহরে রাস্তার ৮০ শতাংশ ফাঁকা থাকে, মাত্র ২০ শতাংশে যান চলাচল করে। কিন্তু ময়মনসিংহে উল্টো চিত্র—৮০ শতাংশ সড়কজুড়ে যানবাহন, ফাঁকা থাকে মাত্র ২০ শতাংশ। রাস্তার তুলনায় অতিরিক্ত যানবাহনের চাপই যানজটের প্রধান কারণ।” নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বয়হীনতার কারণেই সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। সচেতন নাগরিকরা বলছেন, সড়কের তুলনায় অতিরিক্ত যানবাহন, ফুটপাত দখল এবং রুট ব্যবস্থাপনার দুর্বলতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। 

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা চরপাড়া এখন যানজটের স্থায়ী অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে অবস্থিত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ছয়টি বেসরকারি হাসপাতাল এবং প্রায় ৫০টির বেশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। প্রতিদিন হাজার হাজার রোগী ও স্বজনদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু নিয়ন্ত্রণহীন সিএনজি, মাহেন্দ্র ও অটোরিকশার চাপে ১৫–২০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। জরুরি রোগী নিয়ে বের হওয়া অ্যাম্বুলেন্সও মাঝেমধ্যে যানজটে আটকে পড়ছে। রোগী পরিবহনকারী এক চালক বলেন, “কয়েক মিনিটের পথ যেতে ঘণ্টা লেগে যায়। 

এতে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।” বিশেষজ্ঞদের মতে, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, কার্যকর রুট ম্যানেজমেন্ট, ফুটপাত দখলমুক্ত করা, পার্কিং নীতিমালা বাস্তবায়ন এবং নিয়মিত ট্রাফিক মনিটরিং ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের দাবিও জোরালো হচ্ছে। এদিকে সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উনার নির্বাচনী ইস্তেহারে ময়মনসিংহ শহরের যানযট নিরষনের আশ্বাস দেওয়া হয়েছে। সবাই এখন তাকিয়ে রয়েছেন প্রথমবার সংসদ সদস্য হওয়া এই বিএনপি নেতার দিকে।

পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া ময়মনসিংহের এ অচলাবস্থা কাটবে না বলে মনে করছেন নগরবাসী। দ্রুত ও টেকসই পদক্ষেপের অপেক্ষায় পুরো শহর।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com