| শিরোনাম |
|
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে বিএনপির বিশেষ আলোচনায় ফাতেমা তুজ জোহরা মিতু
স্টাফ রিপোর্টার:
|
![]() সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে বিএনপির বিশেষ আলোচনায় ফাতেমা তুজ জোহরা মিতু দলীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দলীয় আদর্শের প্রতি অবিচল অবস্থানের কারণে তাকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে মনোনয়নের আলোচনায় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ফাতেমা তুজ জোহরা মিতু ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও হয়রানির মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান এবং দলের আন্দোলন–সংগ্রামে তার ভূমিকা তাকে দলের ভেতরে একটি আলাদা অবস্থানে নিয়ে এসেছে। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বরিশাল উত্তর জেলা মহিলা দলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশাল মহানগরের ২নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদকসহ ছাত্র রাজনীতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাগত জীবনে তিনি বরিশালের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে বরিশাল গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন বিজনেস সম্পন্ন করেন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে আইন বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক সূত্র জানায়, পারিবারিকভাবেও তিনি দীর্ঘদিনের একটি রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত। তার পিতা অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা বরিশালের আইন অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরিবারের সদস্যদের অনেকেই বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলন–সংগ্রামে অংশ নিয়ে নির্যাতন ও হামলার শিকার হয়েছেন বলে জানা যায়। দলীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিন ধরে দল ও গণতন্ত্রের পক্ষে সক্রিয় ভূমিকা পালন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাজ এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি অটল থাকার কারণে ফাতেমা তুজ জোহরা মিতুকে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে বিএনপির নীতিনির্ধারণী মহল থেকে জানা গেছে, সংরক্ষিত মহিলা আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সেই তালিকায় ফাতেমা তুজ জোহরা মিতুর নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে দল থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে সংরক্ষিত মহিলা আসনে সুযোগ পেলে তিনি জাতীয় সংসদে দল ও জনগণের প্রত্যাশা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। |