| শিরোনাম |
|
বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক :
|
|
বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ উপজেলার সম্মানিত নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চলমান বৈশ্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “গোটা বিশ্ব যেন একটি করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। বিশ্ববাসী হয়তো একটি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে। তবে আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশগুলো সংঘাতের পথ থেকে সরে এসে শান্তিপূর্ণ ও সুস্থ সমাধানের পথে এগিয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটবে এটাই আমাদের প্রত্যাশা।” আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি হবে না, সেটি মুখ্য বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়া। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহী হয়।” তারুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন। |