| শিরোনাম |
|
"নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"
নিজস্ব প্রতিবেদক :
|
দেশের গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।গত ১০ মার্চ ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়–এর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। সাংবাদিকতা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা ও নির্ভীক রিপোর্টিংয়ের জন্য পরিচিত বাছির জামাল এতদিন দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। গণমাধ্যম অঙ্গনে প্রায় দুই দশকের পথচলায় তিনি মাঠপর্যায়ের অনুসন্ধানী সাংবাদিকতা থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ধারালো প্রতিবেদন উপহার দিয়েছেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি মানবজমিন এবং বাংলাদেশ প্রতিদিন–এর মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)–এর জ্যেষ্ঠ সহকারী মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে। এর আগে ট্রাস্টের এমডি হিসেবে দায়িত্বে থাকা মুহাম্মদ আবদুল্লাহ–এর নিয়োগ বাতিল করে নতুন করে বাছির জামালকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংবাদিক সমাজের অনেকেই মনে করছেন, মাঠঘাটে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত সততা এবং সাংবাদিকদের কল্যাণে সক্রিয় ভূমিকার কারণে বাছির জামালের নেতৃত্বে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নতুন গতি পাবে। বিশেষ করে অসুস্থ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা আর্থিক সংকটে পড়া সাংবাদিকদের সহায়তায় ট্রাস্টের কার্যক্রম আরও মানবিক ও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণ রক্ষার এই দায়িত্বকে অনেকেই দেখছেন এক নতুন প্রত্যয়ের সূচনা হিসেবে—যেখানে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আরও শক্ত ভিত্তি পাবে। |