| শিরোনাম |
|
বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বিসিএস অডিট ক্যাডারের প্রথম ব্যাচের কর্মকর্তা কামরুল হাইয়ের ইন্তেকাল বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় কানাডায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। কামরুল হাই ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। পাকিস্তান সরকারের ১৯৭১ ব্যাচের সিএসপি পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) পদ থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর ২০০৮ সাল থেকে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহাতা গ্রামের এই কৃতী সন্তান জেলা শহরের মৌলভীপাড়ার ঐতিহাসিক ‘বায়তুল আমান’ বাড়ির স্বত্বাধিকারী ছিলেন। তার পিতা সাবেক ডেপুটি সেক্রেটারি আবদুল হাই। পরিবারের ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। মরহুমের ছোট ভাই আল মামুন মনোয়ারুল হাই জানান, তাকে কানাডাতেই দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় নাগেট মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৩টায় টরন্টোর রিচমন্ড হিলের লেসলি স্ট্রিট নর্থ এলাকার একটি মুসলিম কবরস্থানে তাকে সমাহিত করা হয়। কামরুল হাইয়ের মৃত্যুতে বিসিএস অডিট অ্যান্ড একাউন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের মহাসচিব মো. নূরুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে তার রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ ফারুক হোসেন ভূঁঞা এবং সঞ্চালনায় ছিলেন এসএএস অধীক্ষক মাসুকুল আলম। |