| শিরোনাম |
|
কিশোরগঞ্জে জমি বিরোধে ফার্নিচার মিস্ত্রি নিহত, গ্রেপ্তার ২
কিশোরগঞ্জ প্রতিনিধি
:
|
![]() কিশোরগঞ্জে জমি বিরোধে ফার্নিচার মিস্ত্রি নিহত, গ্রেপ্তার ২ রোববার (১২ এপ্রিল) ভোরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফখরুল ইসলাম (৪২)। তিনি করিমগঞ্জ উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাজল আক্তার ও রোমা আক্তার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রহিম, আশিক, কাজু, ফজলু, হোসেন, সজল, শারজাহান, মোফাজ্জল, মাসুম এবং পালইকান্দা গ্রামের মো. কামাল জামালের সঙ্গে ফখরুল ইসলামের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৬ মার্চ সকালে ফখরুল ইসলাম গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা বিরোধী পক্ষের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। রহিম, ফজলু, কাজুসহ তাদের কয়েকজন আত্মীয় তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। ওসি এমরানুল কবির জানান, ঘটনার দিন নিহতের ভাই আল আমিন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নয়জন আসামি জামিনে রয়েছেন। নিহতের মরদেহ ঢাকাতেই ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। |