| শিরোনাম |
|
পাবনায় বাড়ছে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু
মো: মনিরুজ্জামান (পাবনা):
|
![]() পাবনায় বাড়ছে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২ জন নতুন শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৬৯ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শুধুমাত্র এই হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে। সরেজমিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পর্যাপ্ত বেড না থাকায় অনেক শিশুকে মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে। এতে করে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সংকটাপন্ন এই পরিস্থিতিতে হাসপাতালের পরিবেশও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা অভিযোগ করে জানান, প্রয়োজনীয় বেড, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবার মান নিয়ে নানা সমস্যা রয়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের চিকিৎসা নিয়ে তারা উদ্বেগে রয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান বলেন, “হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। বর্তমানে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পর্যাপ্ত বেড ও জনবলের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।” অন্যদিকে, পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জরুরি এই টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ১৮ হাজার ৭৪৭ জন শিশুকে ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে পাবনা সদর, আটঘরিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ২০ এপ্রিল থেকে জেলার বাকি উপজেলাগুলোতেও এই টিকাদান কার্যক্রম শুরু হবে। |