| শিরোনাম |
|
দুই সন্তানের জনক ছাত্রদলের আহ্বায়ক, বান্দরবানে একাংশের গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ
বান্দরবান জেলা প্রতিনিধি:
|
বান্দরবানের স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য বিবাহিত এবং দুই সন্তানের জনককে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক করায় নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে একাংশের নেতাকর্মীরা।বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে বান্দরবান নির্বাচন অফিসের সামনে থেকে "বান্দরবান জেলা ছাত্রদলের সর্বত্র নেতৃবৃন্দের" ব্যানারে মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহসভাপতি জসীম উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার নাথ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সজিব হাওলাদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অরুণময় তঞ্চঙ্গ্যা, বান্দরবান পৌরসভা ছাত্রদলের রাশেদুল ইসলাম। বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার নাথ সমাবেশে বক্তব্যে বলেন, "২ মে বান্দরবান ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়। সেখানে বান্দরবানের স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য বিবাহিত এবং দুই সন্তানের জনক ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়েছে। সেটাকে তৃণমূল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা অবাঞ্ছিত ও প্রত্যাখ্যান করেছে। দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রদলের তৃণমূল পর্যায়ে আমাদের যে শ্রম, ত্যাগ, তাকে উপেক্ষা করে বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। অনতিবিলম্বে এই কমিটি স্থগিত করে যাচাই-বাছাই করে ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে ছিলো তাদেরকে নতুন কমিটি করে সেখানে স্থান দেওয়ার জন্য আহ্বান জানান তিনি"। সমাবেশে অন্যান্য বক্তারা অভিযোগ করে বলেন, "ছাত্র সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র উপেক্ষা করে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে, যা সংগঠনের আদর্শের পরিপন্থি। তারা আরো বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য, সেখানে অছাত্র ও বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়"। বিক্ষোভকারীরা অবিলম্বে ওই আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও নিয়ম অনুযায়ী নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। উল্লেখ্য, ২ মে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে ১০ সদস্যের বান্দরবানে জেলা ছাত্রদলের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটিতে আহবায়ক করা হয়েছে ফরহাদ হোসেন জিকুকে, সদস্য সচিব করা হয়েছে শহিদুল ইসলামকে। এ চিঠিতে বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য। |