| শিরোনাম |
|
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
|
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ।রোববার (১০ মে) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে। ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি। অনুদান বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস, শারিকতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদি দোকান, মনোহরী, ফার্মেসি ও ডেকোরেটরসহ ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস পিরোজপুর স্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস । |