| শিরোনাম |
|
বাঁশখালীতে পৃথক অভিযানে এক মাদকাসক্ত ও এক কারবারির কারাদণ্ড
বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি :
|
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) পরিচালিত এসব অভিযানে একজন মাদকাসক্ত যুবককে ৪ মাস এবং অপর এক কুখ্যাত মাদক কারবারিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।প্রথম ঘটনায়, উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইঝপাড়ায় মাদকাসক্ত ছেলে মোঃ জমীর উদ্দিনের (২৩) অত্যাচারে অসহায় বাবার কান্নায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে জমীর উদ্দিন পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। মাদকের টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর ও বাবা-মায়ের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মোবাইল কোর্ট পরিচালনার সময় বাবা নুরুল আলম ছেলের অত্যাচারের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টির সময় বাঁশখালী থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ নূরী। অন্যদিকে, একইদিন ভোরে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হেফাজ (২৯) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করে বাঁশখালী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয়রা মাদকবিরোধী এসব অভিযানে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের এমন কঠোর ও মানবিক পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। বিশেষ করে এসিল্যান্ড মোঃ ওমর সানী আকনের দৃঢ়তা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী। |