| শিরোনাম |
|
ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
|
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। আটকরা হলেন, রফিকুল ইসলাম (৪৫), সাইদ মিয়া (৫০), আল আমিন (৪৫), ফারুকুল ইসলাম (৪৫) ও সাব্বির মিয়া (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের দুটি পক্ষের মধ্যে একটি দোকানের জায়গা দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। |