| শিরোনাম |
|
বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
বাঁশখালী প্রতিনিধি
|
![]() বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের শনিবার (১২ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, খানখানাবাদের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ প্রেমাশিয়া পয়েন্টে প্রায় তিন শত ফুটেরও বেশি অংশ ব্লকসহ ধসে গিয়ে সমুদ্রগর্ভে তলিয়ে গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, প্রায় ৩০০ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি কয়েক বছরের মধ্যেই ধসে পড়েছে। তাদের অভিযোগ, কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে টেকসই বাঁধ নির্মাণে ব্যর্থ হয়েছে। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের নিরাপত্তার স্বপ্ন স্বল্প সময়েই ভেঙে গেছে। খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শহীদুল ইসলাম সিকদার বলেন, “সমুদ্রের আগ্রাসনে প্রেমাশিয়া পয়েন্টে বাঁধের বড় অংশ তলিয়ে গেছে। এতে সমগ্র এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অবশিষ্ট অংশও ধসে পড়বে। সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়লে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আপাতত বস্তা ডাম্পিং করে হলেও বাঁধটি রক্ষা করা জরুরি।” তিনি দ্রুত বাঁধ সংস্কারের জন্য সরকার ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চান। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম (বাঁশখালী পওর শাখা-১) উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম কাদির বলেন, “খানখানাবাদ এলাকায় প্রায় ১৩শ মিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান। তবে দক্ষিণ প্রেমাশিয়া অংশটি এই প্রকল্পের আওতাভুক্ত নয়। সেখানে ভাঙণের খবর পেয়ে বিষয়টি উপরস্থ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।” স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে জোয়ারের পানিতে উপকূলের বসতবাড়ি, পুকুর ও কৃষিজমি লবণ পানিতে তলিয়ে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে |