| শিরোনাম |
|
সপ্তাহ পার হলেও নিখোঁজ রিয়া মনির কোনো সন্ধান নেই, স্বজনদের উদ্বেগ বাড়ছেই
নিজস্ব প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া):
|
|
সপ্তাহ পার হলেও নিখোঁজ রিয়া মনির কোনো সন্ধান নেই, স্বজনদের উদ্বেগ বাড়ছেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি নিখোঁজ হওয়ার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনো তার খোঁজ মিলছে না। প্রতিদিনই বাড়ছে স্বজনদের উদ্বেগ ও উৎকণ্ঠা। গত মঙ্গলবার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে বের হয়েছিল রিয়া। কিন্তু আর বাড়ি ফেরেনি। বন্ধুবান্ধব ও আত্মীয়দের বাসায় খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। রিয়া ভেলানগরের রিপন সরকারের মেয়ে। মেয়ের খোঁজ না পেয়ে অসহায় কণ্ঠে রিপন সরকার বলেন, পরীক্ষায় যাওয়ার পথে একজন তার মেয়েকে জোর করে নিয়ে যেতে দেখেছেন। এরপর থেকে কোনো খোঁজ নেই। পরিবারের কেউই ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছেন না। তিনি প্রশাসনের কাছে মেয়ের জীবিত বা মৃত—অন্তত কিছু তথ্য জানানোর দাবি জানান। রিয়ার দাদি চোখের পানিতে দিন কাটাচ্ছেন। তার অনুরোধ, যেন দ্রুত রিয়ার সন্ধান পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য অরুণ মিয়াও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পরিবার ও এলাকাবাসীর সঙ্গে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও রিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তিনি পরিবারকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, রিয়া মনি নিখোঁজ—এমন অভিযোগ পাওয়া গেছে। পরিবার অপহরণের কোনো তথ্য দিতে না পারায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দার জানান, রিয়া সেদিন পরীক্ষা দিতে স্কুলেই আসেনি। পরে পরিবার থেকে তাদের নিখোঁজ হওয়ার তথ্য জানানো হয়। তিনি বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। |