| শিরোনাম |
|
টেকনাফের বন্দিশালা থেকে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার, আটক ৩
নিজস্ব প্রতিবেদক (টেকনাফ):
|
![]() টেকনাফের বন্দিশালা থেকে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার, আটক ৩ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে মানবপাচারকারীদের একটি গোপন বন্দিশালা থেকে নারী, পুরুষ ও শিশুসহ সাতজনকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে দেশীয় বন্দুকসহ তিন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের টেকনাফ জোন ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মারিশবুনিয়া এলাকার পাহাড়ঘেরা অঞ্চলে অভিযান চালানো হয়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানায় বন্দি রাখা সাতজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ছাড়াও শিশু রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকেই তিনজন মানবপাচারকারীকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্টগার্ড জানতে পারে, পাচারকারীরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। উন্নত জীবন, উচ্চ আয়ের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে তারা দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সংগ্রহ করে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় আটক রাখতো। অনেক ক্ষেত্রে ভয় দেখানো, নির্যাতন এবং জোরপূর্বক মুক্তিপণ আদায়ের চেষ্টাও করত এসব সংঘবদ্ধ পাচারকারী চক্র। পাচারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী কোস্টগার্ড পরে তাদের লুকিয়ে রাখা একটি দেশীয় বন্দুকও উদ্ধার করে। অভিযানে অংশ নেওয়া টেকনাফ স্টেশন কমান্ডার লে. সালাহউদ্দিন তানভীর এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ব্যক্তিদেরও প্রয়োজনীয় সহায়তা ও পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, মানবপাচার দেশের জন্য একটি বড় হুমকি এবং মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে। তাই ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে, যাতে কোনো চক্র এ ধরনের অপরাধমূলক কার্যক্রম চালাতে না পারে। |