| শিরোনাম |
|
হাদির ওপর হামলার ঘটনায় গুলি চালায় ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক :
|
|
হাদির ওপর হামলার ঘটনায় গুলি চালায় ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর: ডিএমপি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, হামলার সময় মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর শেখ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, শনাক্ত হওয়া এই দুই ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য পালিয়ে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও দেশের সব বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এবং তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ দেশত্যাগ করেছে এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই বলেও জানান তিনি। মামলার বিষয়ে নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আজ মামলা করা না হয়, তাহলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবে। উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। |