| শিরোনাম |
|
সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের
নিজস্ব প্রতিবেদক :
|
|
সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্রনেতা আবু সাদিক কায়েম। রোববার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে জমায়েত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে। ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। তিনি ছাত্রজনতা ও সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে একজন প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনাকে গুরুতর অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সাদিক কায়েম আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা আসন্ন নির্বাচন প্রতিহত করতে নানা ষড়যন্ত্র ও হুমকি দিচ্ছে। এমন প্রেক্ষাপটে একজন প্রার্থীর ওপর প্রকাশ্য হামলা নির্বাচন ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত গুলিবর্ষণকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে এবং ঘটনার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে দল-মত নির্বিশেষে যেসব প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। |