| শিরোনাম |
|
খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সহযোগী আরিফ আটক
নিজস্ব প্রতিবেদক :
|
|
খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সহযোগী আরিফ আটক খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র নেতা মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার সহযোগী আরিফ হোসেন (৩৫)–কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৬। র্যাব জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর মোতালেব শিকদারকে হাসপাতালে নেওয়ার কাজটি করেন আরিফ। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে খুলনা নগরীর ১০৯ মজিদ সরণির আল-আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউস’ নামের একটি ভবনের নিচতলায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা সোনাডাঙা মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬–৭ জনকে আসামি করা হয়। পরদিন বুধবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-তে হস্তান্তর করা হয়। এর আগে সোমবার রাতেই সন্দেহভাজন হিসেবে জাতীয় যুবশক্তির নেত্রী তনিমাকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য মামলাটি ডিবিতে দেওয়া হয়েছে এবং দ্রুতই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন হবে। |