| শিরোনাম |
|
হারবাং ইউনিয়নে প্রশাসনিক সেবা স্তব্ধ, নির্বাচনী ব্যস্ততায় বাড়ছে জনদুর্ভোগ
(গণকন্ঠ প্রতিবেদক, কক্সবাজার):
|
![]() হারবাং ইউনিয়নে প্রশাসনিক সেবা স্তব্ধ, নির্বাচনী ব্যস্ততায় বাড়ছে জনদুর্ভোগ স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অভিযোগ, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদসহ গুরুত্বপূর্ণ সেবা পেতে এখন জনগণকে জটিল ও দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রথমে অনলাইনে আবেদন করতে হয়, এরপর মহিলা মেম্বার, চৌকিদার, পুরুষ মেম্বার ও ইউএনও’র স্বাক্ষর সংগ্রহ করতে হয়। পরে আবেদনপত্রসহ তিন সেট ফটোকপি নিয়ে উপজেলা কার্যালয়ে জমা দিতে হয়। এরপর আবার ইউনিয়ন পরিষদে এসে উদ্যোক্তার মাধ্যমে জন্মনিবন্ধন প্রিন্ট করে সেক্রেটারি ও পুনরায় ইউএনও’র স্বাক্ষর নেওয়ার পর চূড়ান্ত ফাইল পাওয়া যায়।হারবাং ইউনিয়ন উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হওয়ায় এই দীর্ঘ প্রক্রিয়া বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র জনগণের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে একটি সেবা পেতে ইউএনও কার্যালয়ে একাধিকবার যাতায়াত করতে হয়। কোথাও কোথাও সরকারি সেবা নিতে নির্দিষ্ট ‘বকশিশ’ দেওয়ার চাপও রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনগণের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে।সম্প্রতি ইউএনও পরিবর্তন হলেও হারবাং ইউনিয়নের মানুষের দুর্ভোগের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ রয়েছে। নতুন ইউএনও দায়িত্ব গ্রহণের পরও নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ও জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় সেবাগুলো কার্যত বন্ধ রয়েছে। অন্যদিকে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমও প্রায় স্থবির হয়ে পড়েছে। রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণকাজে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এলাকাবাসীর দাবি, প্রশাসনিক ব্যস্ততার কারণে ইউএনও স্থানীয় সমস্যাগুলোর দিকে প্রয়োজনীয় মনোযোগ দিতে পারছেন না। এদিকে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করবেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের মতে, এই সময়ে হারবাং ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আরও স্থবির হয়ে পড়বে। এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে হারবাং ইউনিয়নে চলমান অসন্তোষ আগামী দিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে। |