| শিরোনাম |
|
দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী সালমা
গনকণ্ঠ ডেস্ক:
|
![]() দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী সালমা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিচ্ছেদের তথ্য জানান সানাউল্লাহ নূর সাগর। পরে বিষয়টি নিশ্চিত করেন সালমাও। তিনি জানান, গত ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সালমা বলেন, “হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। বিষয়টি নিয়ে এখন আর কিছু বলতে চাই না।” ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এই শিল্পী জানান, ব্যক্তিগত অধ্যায় পেছনে ফেলে তিনি এখন পুরোপুরি গানেই মনোযোগ দিতে চান। তার ভাষায়, “এখন শুধু গানে মন দিতে চাই। ভালো ভালো গান গাইতে চাই।” অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগর তার স্ট্যাটাসে বিচ্ছেদের কারণ হিসেবে পারস্পরিক মতের অমিল এবং চিন্তা ও মানসিকতার দূরত্বের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, পারস্পরিক সম্মান বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান। উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন সালমা অল্প সময়েই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। লোকগান ও আধুনিক গানে সমান জনপ্রিয় এই শিল্পী ২০১১ সালে শিবলী সাদিককে বিয়ে করেন। তবে সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ সালে। এরপর ২০১৮ সালে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা। তবে সাত বছরের সেই সংসারও শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। |