| শিরোনাম |
|
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের স্কোয়াড প্রকাশ
গনকণ্ঠ ডেস্ক
|
![]() টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের স্কোয়াড প্রকাশ ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস এবং সহ–অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাইফ হাসানকে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে জায়গা হয়নি উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলীর। পাশাপাশি চলমান বিপিএলে ব্যাট হাতে ভালো ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও বাদ পড়েছেন। সব মিলিয়ে সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ছয়জন ক্রিকেটার এবারের দলে নেই। তবে আগের স্কোয়াড থেকে নয়জন ক্রিকেটার এবারও দলে জায়গা ধরে রেখেছেন। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সাতজন ব্যাটসম্যান, তিনজন স্পিনার এবং পাঁচজন পেসার রাখা হয়েছে। গত আসরেও যারা খেলেছিলেন, তাদের মধ্যে রয়েছেন লিটন দাস, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের আলী ও নাজমুল হোসেন শান্তের পরিবর্তে এবারের দলে যুক্ত হয়েছেন পারভেজ হোসেন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ। বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হতে যাচ্ছে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিন ম্যাচের মধ্যে দুটি অনুষ্ঠিত হবে কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি রয়েছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল। |