| শিরোনাম |
|
সৌদি আরব থেকে সর্বাধিক রেমিট্যান্স ঢুকল বাংলাদেশে
গনকণ্ঠ ডেস্ক
|
![]() সৌদি আরব থেকে সর্বাধিক রেমিট্যান্স ঢুকল বাংলাদেশে ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ রেমিট্যান্স প্রেরণকারী দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, ওমান, কুয়েত, কাতার এবং সিঙ্গাপুর। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার ডলার, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র থেকে ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার ডলার এবং ইতালি থেকে ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। শীর্ষ তালিকার অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে ওমান ১৮ কোটি ৪ লাখ ডলার, কুয়েত ১৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ডলার, কাতার ১৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার এবং সিঙ্গাপুর ১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার। ব্যাংকভিত্তিক হিসাব অনুযায়ী, ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিসেম্বরের রেমিট্যান্স দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চ মাসে, যা ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। চলতি অর্থবছরে (২০২৪-২৫) নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স হয়েছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। |