| শিরোনাম |
|
নির্বাচনে পোলিং ও এজেন্ট নিয়োগের পরিপত্র জারি
গনকণ্ঠ ডেস্ক
|
![]() নির্বাচনে পোলিং ও এজেন্ট নিয়োগের পরিপত্র জারি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত পরিপত্র প্রকাশ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বৈঠকে অংশগ্রহণের আহ্বান জানাতে হবে। বৈঠকে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্টদের করণীয় দায়িত্ব, নির্বাচনি আইন, নির্বাচনের ব্যয় ও উৎসের সঠিক তথ্য দাখিল নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, ভীতি, বল প্রয়োগ, অস্ত্র বা বিস্ফোরক ব্যবহারের প্রতিরোধ বিষয়ে সহযোগিতা প্রদানের বিষয়গুলো আলোচনা করতে হবে। নির্বাচনি এজেন্ট নিয়োগ সংক্রান্ত তথ্য অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ২১-এর দফা (১) অনুসারে একজন প্রার্থী তার নির্বাচনি এলাকার কোনো ভোটারকে নির্বাচনি এজেন্ট হিসেবে নিযুক্ত করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত লিখিত নোটিশ রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে, যেখানে এজেন্টের নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ঠিকানা উল্লেখ থাকতে হবে। পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ২২-এর দফা (১) অনুযায়ী প্রতিটি ভোটকক্ষে একজন পোলিং এজেন্ট নিয়োগ করা যাবে। লিখিত নোটিশ প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে হবে। প্রিজাইডিং অফিসার কেবল সেই পোলিং এজেন্টকে গ্রহণ করবেন যিনি নিযুক্তকারী ব্যক্তির নাম ও প্রার্থীর নামসহ নিয়োগপত্র দেখাতে পারবেন। একটি ভোটকক্ষে একজন প্রার্থী সর্বোচ্চ একজন পোলিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন। |