| শিরোনাম |
|
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ
গনকণ্ঠ ডেস্ক :
|
![]() প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে আপিলগুলো নিষ্পত্তি করা হবে। ইসির ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, তৃতীয় দিন সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং চতুর্থ দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর আগে মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন ছিল গতকাল শুক্রবার (৯ জানুয়ারি)। নির্বাচন কমিশনের তথ্যমতে, শেষ দিনে অর্থাৎ শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৭৬টি আপিল জমা পড়ে। সব মিলিয়ে পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল আবেদন গ্রহণ করেছে কমিশন। ইসি সূত্র জানিয়েছে, মনোনয়ন বাতিলের পেছনে যে ত্রুটি ও ঘাটতিগুলো চিহ্নিত করা হয়েছিল, সেগুলোর বিষয়ে আবেদনকারীদের ব্যাখ্যা ও সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। আপিল শুনানিতে প্রার্থীরা সরাসরি বা তাদের প্রতিনিধির মাধ্যমে উপস্থিত থেকে যুক্তি তুলে ধরতে পারবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল শুনানি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই পরবর্তী নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়। |