| শিরোনাম |
|
গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার
গনকণ্ঠ প্রতিবেদক (গাজীপুর)
|
![]() গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর আশকোনায় অভিযান চালায়। সেখানে একটি গোপন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ইতোমধ্যে ভুক্তভোগী মোটরসাইকেলটি শনাক্ত করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার যোগিতলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর শাখার সদস্য। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার নাম করে যোগিতলা এলাকায় যায়। একপর্যায়ে তারা 'টেস্ট ড্রাইভ' করার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপরই ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। অতিরিক্ত কমিশনার মো. তাহেরুল হক চৌহান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |