| শিরোনাম |
|
নবীনগরে ১৬০ কেজি গাঁজাকাণ্ডে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
|
![]() নবীনগরে ১৬০ কেজি গাঁজাকাণ্ডে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ঘটনাটি ঘটে গত সোমবার ভোরে (৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ)। নবীনগর–আড়াইহাজার ফেরিঘাট সড়কের শ্রীরামপুর ইউনিয়নের কানার বাড়ির মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেননি। বরং পরে ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকা লেনদেনের অভিযোগ ওঠে। এই ঘটনায় নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছারকে শুক্রবার রাতে (৯ জানুয়ারি) সাময়িক বরখাস্ত করা হয়। গত বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবীনগর সাংবাদিক ইউনিটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শেখ মিহাদ ১৬০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ সুপারের কঠোর নির্দেশে বিষয়টি তদন্তের আওতায় আনা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার আনিস মিয়ার ডাচ-বাংলা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিক শেখ মিহাদকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক সংক্রান্ত অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।” |