| শিরোনাম |
|
স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু
অনলাইন ডেস্ক :
|
![]() স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি : আমীর খসরু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা প্রলোভনের অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার সরকার বেগম খালেদা জিয়াকে যেমন নানা লোভ দেখিয়েছিল, তেমনি বিএনপির নেতাদেরও বিভিন্নভাবে আপসের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো অবস্থাতেই তিনি বা তার নেত্রী আপস করেননি। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমীর খসরু বলেন, তিনি যখন কারাবন্দি ছিলেন, তখন তার কাছে লোক পাঠিয়ে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকেই তারা আপসহীন রাজনীতি শিখেছেন। আপস নয়, বরং সংগ্রামের মধ্য দিয়েই জনগণের অধিকার আদায় করতে হবে—এই শিক্ষাই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে গেছেন। সেই গণতন্ত্র রক্ষা করা এখন বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব। সাধারণ মানুষের অধিকার, নারীদের অধিকার এবং ভোটের অধিকার নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে আমীর খসরু বলেন, তার জীবনের বেশির ভাগ সময় কেটেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে। মাত্র অল্প সময় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আর দীর্ঘ সময় তিনি নির্যাতন, মামলা ও কারাবরণের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে গেছেন। এত প্রতিকূলতার মাঝেও তিনি কখনো আপস করেননি। তিনি স্মরণ করিয়ে দেন, স্বৈরাচার এরশাদ সরকারের সময় অনেক রাজনৈতিক শক্তি আপস করে হাত মিলিয়েছিল। এমনকি বর্তমান সময়ে যারা ধর্মের রাজনীতির কথা বলেন, তারাও তখন স্বৈরাচারের সঙ্গে সমঝোতায় গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। ওয়ান-ইলেভেনের সময়ও যখন অনেকেই আপসের পথ বেছে নিয়েছিলেন, তখনও তিনি দৃঢ় অবস্থানে ছিলেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, মো. সেকান্দরসহ অন্যান্য নেতৃবৃন্দ। |