| শিরোনাম |
|
বিপিএল ছেড়ে চলে গেলেন তারকা বিদেশি ক্রিকেটার
গনকণ্ঠ ডেস্ক :
|
![]() বিপিএল ছেড়ে চলে গেলেন তারকা বিদেশি ক্রিকেটার আগেই জানা ছিল এবারের বিপিএলের পুরো মৌসুমে খেলতে পারবেন না ওমরজাই। তবে তিনি কয়টি ম্যাচ খেলবেন, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের আসন্ন সিরিজে জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য তাকে টুর্নামেন্ট ছেড়ে যেতে হয়েছে। সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ওমরজাইয়ের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। বিদায়ের আগে সতীর্থ, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই আফগান ক্রিকেটার। একই সঙ্গে আগামী মৌসুমে আবার বিপিএলে ফেরার আশাবাদও ব্যক্ত করেন তিনি। বিদায়ী বার্তায় ওমরজাই বলেন, সিলেট টাইটান্স তাকে খেলার সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। দলের হয়ে খেলতে পেরে তিনি আনন্দিত ছিলেন এবং এখানকার পরিবেশ ও ব্যবস্থাপনা তাকে মুগ্ধ করেছে। নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। ইনশাআল্লাহ আগামী বছর আবার এই দলের হয়েই মাঠে নামার ইচ্ছার কথাও জানান তিনি। উল্লেখ্য, ২০২২ সালে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে অভিষেক হয়েছিল আজমতউল্লাহ ওমরজাইয়ের। সেটিই ছিল তার ক্যারিয়ারের প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। বাংলাদেশ ছাড়ার আগে সেই স্মৃতির কথাও তুলে ধরেন তিনি। বিপিএল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে ওমরজাই বলেন, এই টুর্নামেন্টটি তিনি সবসময় উপভোগ করেন। বিপিএল থেকেই তার আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল বলে তিনি মনে করেন। তাই এখানে খেলতে পারা তার কাছে বিশেষ কিছু। প্রতিবারই নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন এবং বিপিএল খেলতে তিনি সত্যিই ভালোবাসেন। জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়লেও ওমরজাইয়ের পারফরম্যান্স ও ইতিবাচক উপস্থিতি সিলেট টাইটান্স শিবিরে আলাদা প্রভাব ফেলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আগামী মৌসুমে তার ফেরার অপেক্ষায় থাকবেন বিপিএলপ্রেমী দর্শকরাও। |