| শিরোনাম |
|
দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস
গনকণ্ঠ ডেস্ক
|
![]() দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন শেষে বিজয়ী দলের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি কী করবেন—এ নিয়ে জনমনে কৌতূহল থাকলেও এবার নিজেই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ড. ইউনূস। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে সাক্ষাৎকালে দায়িত্ব ছাড়ার পর করণীয় বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আকিয়ে আবে নির্বাচন-পরবর্তী সময় নিয়ে জানতে চাইলে ড. ইউনূস জানান, তিনি মূলত তিনটি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ চালিয়ে যেতে চান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রথমত ড. ইউনূস ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন। এর লক্ষ্য হবে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় সহজ ও কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দূর থেকেই তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে পারেন—সে ব্যবস্থাও গড়ে তুলতে চান তিনি। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। দীর্ঘদিন ধরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ তিনি নিয়ে আসছেন, দায়িত্ব ছাড়ার পর সেটিকেই আরও সক্রিয়ভাবে এগিয়ে নিতে চান বলে জানান তিনি। তাঁর মতে, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক টেকসই উন্নয়নের জন্য তরুণ উদ্যোক্তা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, তিনি ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে কাজ অব্যাহত রাখবেন। দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য এবং কার্বন নিঃসরণ শূন্য—এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী যে চিন্তাধারা ও আন্দোলন তিনি গড়ে তুলেছেন, সেটিকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান ড. ইউনূস। বৈঠকে প্রয়াত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, দুজনের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা তিনি আজও গভীরভাবে অনুভব করেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা জানান, আগামী নির্বাচন শেষ হওয়ার পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফর করবেন। এই ফাউন্ডেশন মূলত সামুদ্রিক গবেষণা ও ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করে। সফরকালে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সমুদ্রসম্পদ ও গবেষণায় বাংলাদেশের সঙ্গে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা করবেন তিনি। সব মিলিয়ে দায়িত্ব ছাড়ার পরও সামাজিক উন্নয়ন, তরুণদের ক্ষমতায়ন এবং বৈশ্বিক মানবকল্যাণমূলক উদ্যোগেই নিজেকে নিয়োজিত রাখার স্পষ্ট বার্তা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। |