| শিরোনাম |
|
কোহলিকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে মিচেল
ক্রীড়া ডেস্ক
|
![]() কোহলিকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে মিচেল বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন মিচেল। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা। এর আগে গত নভেম্বরে মাত্র তিন দিনের জন্য শীর্ষে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সাড়ে চার বছর পর গত সপ্তাহে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছিলেন বিরাট কোহলি। তবে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। ৭৯৫ রেটিং পয়েন্ট নিয়ে এবার নেমে গেছেন দ্বিতীয় স্থানে। ইন্দোরে গত রবিবার ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে কোহলির (৭৮৫) থেকে মাত্র এক পয়েন্ট কম ছিল মিচেলের (৭৮৪)। ওই ম্যাচে ক্যারিয়ার সেরা ১৩৭ রানের ইনিংস খেলেন মিচেল। ফলে রেটিংয়ে বড় লাফ দিয়ে তিনি এখন ৮৪৫ পয়েন্টে পৌঁছেছেন। সেই ম্যাচে রান তাড়ায় সেঞ্চুরি করেছিলেন কোহলিও। ১২৪ রানের ইনিংস খেললেও তার রেটিং পয়েন্ট বেড়েছে মাত্র ১০। ওই ম্যাচে ৪১ রানে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নিউ জিল্যান্ড। ভারতের মাটিতে এটি কিউইদের প্রথম ওয়ানডে সিরিজ জয়। সিরিজের তিন ম্যাচেই পঞ্চাশের বেশি রান করেন মিচেল, যার মধ্যে ছিল দুটি সেঞ্চুরি। মোট ৩৫২ রান করে তিনি জিতে নেন সিরিজ সেরার পুরস্কার। তিন ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডও গড়েন তিনি। র্যাঙ্কিংয়ের পরিবর্তনে এক ধাপ নেমে চার নম্বরে অবস্থান করছেন ভারতের রোহিত শার্মা। এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। আগের অবস্থান ধরে রেখে পাঁচে আছেন ভারত অধিনায়ক শুবমান গিল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৬ রান করে ১৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠেছেন গ্লেন ফিলিপস। তার সতীর্থ উইল ইয়াং ১০ ধাপ উন্নতি করে এখন ৪৪তম স্থানে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রাশিদ খান। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের জফ্রা আর্চার। ভারতের কুলদিপ যাদব চার ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে যাওয়ায় এক ধাপ করে এগিয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (তৃতীয়), দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ (চতুর্থ) ও নামিবিয়ার বেনার্ড শুলজ (পঞ্চম)। দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ছয় ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছেন। বড় উন্নতি হয়েছে ভারতের হার্শিত রানার, ২৭ ধাপ এগিয়ে তিনি এখন ৫০ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৪তম স্থানে আছেন তার সতীর্থ আর্শদিপ সিং। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অবস্থান করছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। |