| শিরোনাম |
|
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত তিন সাংবাদিক
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত তিন সাংবাদিক বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গাজা শহরের আল-জাহরা এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হন। পরে তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়। নিহত সাংবাদিকরা হলেন— মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। এদের মধ্যে আবদুল রউফ শাআত ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সঙ্গে কাজ করতেন। তবে হামলার সময় তিনি এএফপির কোনো দায়িত্ব পালন করছিলেন না। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য গাজায় শনাক্ত ওই ড্রোনটি সেনাদের জন্য হুমকি তৈরি করছিল। এ কারণে ড্রোনটি সক্রিয় করা সন্দেহভাজনদের ‘নির্ভুলভাবে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলাটি নির্ধারিত কমান্ড চেইনের অনুমোদন অনুযায়ী পরিচালিত হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানায়, আল-জাহরা এলাকার কাছে একটি ‘বেসামরিক যানবাহন’ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, মিসরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের দৃশ্য ধারণের জন্য সাংবাদিকরা একটি ড্রোন ব্যবহার করছিলেন। সে সময় তাদের সঙ্গে থাকা যানবাহনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন হিসেবে উল্লেখ করে একে ‘বিপজ্জনক মাত্রার উত্তরণ’ বলে অভিহিত করেছে। অন্যদিকে, ফিলিস্তিন জার্নালিস্টস সিন্ডিকেট এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনি সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলি দখলদার শক্তির অনুসৃত একটি পরিকল্পিত ও পদ্ধতিগত নীতির অংশ। উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যদিও ইসরায়েল ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: এএফপি |