| শিরোনাম |
|
পাচারকৃত সম্পদ ফেরাতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
গনকণ্ঠ ডেস্ক
|
![]() পাচারকৃত সম্পদ ফেরাতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর আর্থিক সততা বিষয়ক বিশেষ বৈঠকে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান জনজীবনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি মানুষের মনে নতুন প্রত্যাশা জাগ্রত করেছে।’ একই সঙ্গে তিনি বলেন, তথাকথিত ‘মেগা প্রকল্প’গুলো সাধারণ মানুষের জন্য খুব সীমিত সুফল বয়ে আনে; বরং এসব প্রকল্প দুর্নীতির সুযোগ সৃষ্টি করে এবং জনসাধারণের অর্থ বিদেশের নিরাপদ আশ্রয়ে পাচারের পথ তৈরি করে দেয়। রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার করে বৈধ মালিকদের কাছে ফেরত দেওয়ার লক্ষ্যে স্বচ্ছতার ভিত্তিতে তথ্যের যথাযথ আদান-প্রদান, কার্যকর অংশীদারিত্ব জোরদার এবং সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, গত বছর জুন মাসে স্পেনে অনুষ্ঠিত উন্নয়ন অর্থায়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের ফলাফল ছিল ঐতিহাসিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই রাজনৈতিক অগ্রগতিকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে পুনরুদ্ধারকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা জোরদারে ব্যবহার করা যায়।’ |