| শিরোনাম |
|
ঝিনাইদহে ভোট চেয়ে ফেরার পথে আক্রমণের শিকার বিএনপি সমর্থক
সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি।
|
![]() ঝিনাইদহে ভোট চেয়ে ফেরার পথে আক্রমণের শিকার বিএনপি সমর্থক ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনের অন্তর্গত বামনাইল গ্রামে সোমবার রাতে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন ঠান্ডু মন্ডল। পথিমধ্যে মিয়াকুন্ডু এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, হামলাকারীরাও একই রাজনৈতিক দলের সমর্থক। স্থানীয় পর্যায়ের পূর্ব বিরোধের জের ধরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ঠান্ডু মন্ডল বলেন, “হামলাকারীরা আমাদের গ্রামেরই লোক। তারাও ধানের শীষের সমর্থক। আমাদের সঙ্গে তাদের আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনের সময় সেই বিরোধকে তারা সহিংসতায় রূপ দিয়েছে।” ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোট চাওয়া সংক্রান্ত বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |