| শিরোনাম |
|
নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪
এম উজ্জ্বল নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
|
![]() নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা কুর্শা বাইপাস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিফ (১২) জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়সুত্র জানায়, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় কর্মরত। তাঁর স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুর যাচ্ছিলেন। পথে কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি হলে সিএনজি চালক গতিরোধ করে বায়ে চাপ দিলে শেরপুরগামী নাঈম এন্টারপ্রাইজ নামের একটি বাস দ্রুত গতিতে এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফ মারা যায়। দুর্ঘটনায় নজরুলের স্ত্রী সুমা আক্তার, দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুমা আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। |