| শিরোনাম |
|
কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-১
কুষ্টিয়া প্রতিবেদক :
|
কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট, বিড়ি এবং গাঁজাসহ এক চোরাকারবারিকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে সীমান্তের পৃথক তিনটি স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ৪৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি দৈনিক গণকন্ঠকে জানান, মঙ্গলবার দিবাগত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুন্ডি বিওপির একটি চৌকষ দল জানতে পারে, মহিষকুন্ডি থেকে দৌলতপুরগামী একটি ব্যাটারিচালিত অটোবাইকে গাঁজা বহন করা হচ্ছে। রাত সাড়ে ৯ টার দিকে ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে মো. শুকুর আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটক শুকুর আলী দৌলতপুর থানার পাকুড়িয়া গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে। একই রাতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করে বিজিবি। রাত ১১:১৫ মিনিটে আশ্রায়ন বিওপির টহল দল মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায়: ১,০০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট। ৪০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করে। এরপর রাত ১২ টার দিকে রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মাদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে: ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১৬ প্যাকেট পাতার বিড়ি। বিজিবির হিসাব মতে, জব্দকৃত এসব মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। |