| শিরোনাম |
|
সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় মৌয়াল আহত
এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর, সাতক্ষীরা:
|
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এবং মালেক গাজীর ছেলে।স্থানীয় সূত্র ও সঙ্গে থাকা মৌয়ালদের বরাতে জানা যায়, রোববার সকাল প্রায় ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বের হয়ে বাবলু গাজীর ওপর হামলা চালায়। পরে সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়। গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের স্বজনরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আহতের বাবা মালেক গাজী বলেন, “আমরা একসঙ্গে মধু সংগ্রহ করতে গিয়েছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে বেঁচে আছে।” ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন তারা। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হলেও মাঝে মধ্যেই বাঘের আক্রমণের ঘটনা ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তারা। |