| শিরোনাম |
|
পাবনায় পদ্মা নদী থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার
মোঃ মনিরুজ্জামান (পাবনা):
|
পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর এলাকায় পদ্মা নদী থেকে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে বলরামপুর পীরপুর-সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই কিশোরীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার গলায় একটি রুপার চেইন ছিল বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পদ্মার চরে কৃষকেরা কাজ করতে যাওয়ার সময় নদীর তীরে আটকে থাকা একটি নৌকার পাশে প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে এক কৃষক কাঁচি দিয়ে বস্তার মুখ কেটে ভেতরে এক কিশোরীর লাশ দেখতে পান। লাশটির হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগ জড়ানো ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় চারজন মধ্যবয়সী যুবকসহ একটি অজ্ঞাত প্রাইভেটকার ঘোরাঘুরি করতে দেখা যায়। নদী তীরবর্তী এলাকা থেকে বলরামপুরের দিকে যাওয়ার সময় গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি ধাক্কিয়ে বলরামপুর মুজিব বাঁধ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, "আমাদের ধারণা, মেয়েটিকে অন্য কোথাও ধর্ষণের পর হত্যা করে এই প্রাইভেটকারে করেই লাশটি মাঝরাতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বলরামপুর স্কুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই গাড়িটি এবং এর ভেতরে থাকা ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব।" পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওসি আরও বলেন, "এখনো ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজসহ সব ধরনের ক্লু খতিয়ে দেখা হচ্ছে। |