| শিরোনাম |
|
নরসিংদী রেল দুর্ঘটনা: নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন
প্রতিবেদনে, জান্নাতুল ফেরদৌস
|
নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারান শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সাথী বেগম (২৭) এবং তার ১৮ মাস বয়সী শিশু সন্তান সাফওয়ান ওরফে হাসেন। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক মুহূর্তেই স্বামী সুজন মিয়া হারান তার জীবনসঙ্গী ও আদরের সন্তানকে।দুর্ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এগিয়ে আসে জেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। জেলা প্রশাসক বলেন, এমন দুর্ঘটনা কখনোই পূরণ হওয়ার নয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের এই কঠিন সময়ে প্রশাসন তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি নিহত মা ও শিশুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং এটি সকলকে নাড়া দিয়েছে। তারা রেলস্টেশন ও রেলপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। উল্লেখ্য, সম্প্রতি নরসিংদী রেলস্টেশনে সংঘটিত এই দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। |