| শিরোনাম |
|
গণকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে
মোঃ আবু সিয়াম
স্টাফ রিপোর্টার
|
গাজীপুরের জিরানী বাজার সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পাশের ফুটপাত দীর্ঘ প্রায় তিন বছর ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কার্যত বন্ধ থাকলেও অবশেষে সেই জনদুর্ভোগের অবসান ঘটেছে। দৈনিক গণকণ্ঠে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয় পথচারীদের মাঝে।গত ৯ জুন দৈনিক গণকণ্ঠে প্রকাশিত “ফুটপাত দখলে পথচারীদের চরম দুর্ভোগ, নিরাপত্তাহীনতায় জনসাধারণ” শীর্ষক প্রতিবেদনে খোলা ম্যানহোল ও ফুটপাতে চলাচল প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরা হয়। পরে কয়েকজন সাংবাদিক বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করলে কারিগরি উপশাখার সহকারী প্রকৌশলী মোঃ আসোয়াত হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আর কে নিট ডাইং গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মাত্র দুই দিনের মধ্যেই খোলা ম্যানহোলে ঢাকনা স্থাপন এবং ফুটপাতের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। ফলে নারী, শিশু, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এখন নিরাপদে ফুটপাত ব্যবহার করতে পারছেন এবং মহাসড়কে নেমে ঝুঁকি নিয়ে চলাচলের প্রয়োজন অনেকাংশে কমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহলের মতে, দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগের ফলে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হয়েছে। বর্তমানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে |