| শিরোনাম |
|
পল্টন মডেল থানা পুলিশের সাফল্য: উদ্ধার হওয়া ৬১ মোবাইল ফিরল প্রকৃত মালিকের কাছে
নিজস্ব প্রতিবেদক :
|
রাজধানীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ৬১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।গত ০৯/০৬/২০২৬ খ্রিঃ পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে পল্টন মডেল থানা পুলিশ এ কার্যক্রম সম্পন্ন করে। মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এএসআই (নিঃ) ইকবাল হোসেন। পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ভুক্তভোগীদের সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে প্রযুক্তিগত বিশ্লেষণ ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পল্টন মডেল থানা পুলিশ। মোবাইল ফোন ফিরে পেয়ে অনেক ভুক্তভোগী আবেগাপ্লুত হয়ে পড়েন। কারও ফোনে ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য, আবার কারও কাছে ফোনটি ছিল দীর্ঘদিনের স্মৃতির অংশ। হারানো সম্পদ ফিরে পেয়ে তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হারানো সম্পদ উদ্ধারে ডিএমপি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পল্টন মডেল থানা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। |