শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:২১ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
৯৬ মিনিটের নাটকীয় জয়ে ব্রাজিল, ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে বিজয় মিছিল
ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।
Published : Tuesday, 30 June, 2026


৯৬ মিনিটের নাটকীয় জয়ে ব্রাজিল, ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে বিজয় মিছিলশেষ মুহূর্তের রুদ্ধশ্বাস নাটকীয়তায় যোগ করা সময়ের ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে রাউন্ড অব ১৬-এ ওঠার পথে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই অবিশ্বাস্য জয়ের পর মধ্যরাতেই উল্লাসে ফেটে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার ব্রাজিল সমর্থকেরা। শহরের বিভিন্ন সড়কে বের হয় বর্ণাঢ্য বিজয় মিছিল। চলে মোটরসাইকেল শোডাউন, আতশবাজি আর আনন্দ-উল্লাস।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় সোয়া ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি রোড, কাজীপাড়া, কালীবাড়ি মোড়, কাউতলী, মধ্যপাড়ার শান্তিবাগ, মেড্ডাসহ বিভিন্ন এলাকায় শত শত সমর্থক ব্রাজিলের পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। এর আগে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দা ও প্রজেক্টরের মাধ্যমে খেলা উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। খেলা চলাকালে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ঘিরে ছিল প্রাণবন্ত খুনসুটি ও তর্ক-বিতর্ক।

ম্যাচের ২৯তম মিনিটে জাপানের কাইসু সানুর গোলে পিছিয়ে পড়লে সমর্থকদের মধ্যে নেমে আসে হতাশা। খেলা দেখতে জড়ো হওয়া দর্শকদের মুখেও দেখা দেয় উৎকণ্ঠা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৫৬তম মিনিটে কাসেমিরোর সমতাসূচক গোলের সঙ্গে সঙ্গেই বিভিন্ন এলাকায় শুরু হয় উল্লাস। করতালি, বাঁশি আর আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে খেলা দেখার স্থানগুলো।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দুর্দান্ত জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল। শেষ বাঁশি বাজতেই যেন আনন্দের বিস্ফোরণ ঘটে পুরো শহরে।

ব্রাজিলের পতাকা হাতে শত শত সমর্থক বিজয় মিছিলে অংশ নেন। মিছিলে বাঁশির তীক্ষ্ণ আওয়াজ, ঢাক-ঢোলের তালে তালে উল্লাসধ্বনি এবং 'ব্রাজিল... ব্রাজিল...' স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন, আতশবাজির ঝলক আর সমর্থকদের উচ্ছ্বাসে মধ্যরাতের ব্রাহ্মণবাড়িয়া পরিণত হয় এক উৎসবমুখর নগরীতে।

ব্রাজিলের খুদে সমর্থক আরশাফুর রহমান তাজিম বলেন, "শেষ মুহূর্ত পর্যন্ত খুব টেনশনে ছিলাম। ৯৬ মিনিটে গোল হওয়ার পর আনন্দে লাফিয়ে উঠেছি। এখন স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করব।"

সদর হাসপাতাল এলাকার আব্দুল্লাহ স্টোরের কর্মচারী রাসেল বলেন, "শেষ মুহূর্তের এই জয় অন্যরকম অনুভূতি। হারলে সকালে সবার সঙ্গে দেখা করতে খারাপ লাগত। এখন বিশ্বাস আরও বেড়েছে, এবারের বিশ্বকাপ ব্রাজিলই নিবে"


শহরের শান্তিবাগ এলাকার সমর্থক শ্রাবণ বলেন, "ব্রাজিলের ওপর আস্থা ছিল, কিন্তু শেষ মিনিট পর্যন্ত দুশ্চিন্তা ছিল। জয়ের পর এলাকার ছোট-বড় সবাইকে নিয়ে আনন্দ মিছিল করেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।"


সমর্থকদের প্রত্যাশা, শেষ মুহূর্তের এই নাটকীয় জয় ব্রাজিলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। একই ছন্দ ধরে রেখে নকআউট পর্বেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে সেলেসাওরা, এমন আশাই করছেন তারা।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com