মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:৪২ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
সুন্দরবনে বাঘের মুখোমুখি ২০ মিনিট যা করলাম
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 19 April, 2025
সুন্দরবনে বাঘের মুখোমুখি ২০ মিনিট যা করলাম

সুন্দরবনে বাঘের মুখোমুখি ২০ মিনিট যা করলাম

বছরখানেক আগে আন্তর্জাতিক সংস্থা ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটিতে (ডব্লিউসিএস) যোগ দিয়েছি। খুলনায় কর্মস্থল। বাংলাদেশ বন অধিদপ্তরের মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের বন্যপ্রাণী পর্যবেক্ষণ ও সংরক্ষণে তারা যেন সঠিকভাবে অবদান রাখতে পারে সে জন্য ডাব্লিউসিএস বাংলাদেশের পক্ষ থেকে তাদের কারিগরি সহায়তা দিয়ে থাকি।

এই কাজে প্রায়ই সুন্দরবনে যেতে হয়। ১১ এপ্রিলও মোংলা থেকে শরণখোলা রেঞ্জের উদ্দেশে যাত্রা করি। বরাবরের মতো এবারও সঙ্গে মাঝি আলমগীর ভাই।

সকালে যাত্রা করে শ্যালা নদী দিয়ে যখন হরিণটানা পৌঁছাই, তখন বিকেল। বনের মধ্যে দিনের আলো কমে এসেছে। ২৫০ ফুটের মতো চওড়া একটা খাল ধরে এগিয়ে চলেছে আমাদের নৌকা। এমন সময় ঝোপের মধ্যে একটা প্রাণীর নড়াচড়া লক্ষ করি। চকিতে দেখি, প্রাণীটা আর কিছু নয়, বাঘ।

ততক্ষণে কিছুটা সামনে এগিয়ে গেছে আমাদের নৌকা। ক্ষীণস্বরে মাঝিকে বলি, ‘ভাই, বাঘ দেখিছি বাঘ। নৌকা পিছিয়ে নেন।’

প্রতিবার বনে যাওয়ার সময় নৌকায় উঠেই আলমগীর ভাইকে আবদার করি, ‘ভাই, এবার কিন্তু বাঘ দেখাতে হবে!’ আমার কথা শুনে তিনি হাসেন। বাঘ দেখা নিয়ে নানা গল্প করেন। কিন্তু বাঘের আর দেখা মেলে না। কেন যেন এবার মোংলা থেকে আসার সময় কথাটা তাঁকে বলা হয়নি। আর এবারই...

নৌকা পিছিয়ে আনতেই দেখি, একটা নয়, দুটি বাঘ। একটা ঝোপ থেকে মাথা বের করে আছে আরেকটা খানিকটা দূরে গোলপাতার নিচে দাঁড়িয়ে। তার মধ্যে একটা আমার দিকে একদৃষ্টে উৎসুকভাবে তাকিয়ে আছে। সম্ভবত আমাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সে।

তাদের দেখতে দেখতে ছবি তোলার কথা ভুলেই গিয়েছিলাম। পরে মনে হলো, এবার ক্যামেরাই তো ব্যাগ থেকে বের করা হয়নি। তড়িঘড়ি ক্যামেরা বের করে লেন্স লাগাতে লাগাতেই মিনিটখানেক চলে যায়। এরপর টপাটপ ছবি তুলতে থাকি। এর মধ্যেই তাদের অবস্থান পরিবর্তন হয়। গোলপাতা, সুন্দরী আর গেওয়া গাছের প্রাকৃতিক বেষ্টনীতে নিজেদের সুনিপুণভাবে আড়াল করে রেখেছে যেন। সাধে কি আর তাদের ‘গোপন শিকারী’ বলে! একসঙ্গে আর ক্যামেরায় ধরা গেল না। একটার ছবি তুলতে গেল আরেকটা আড়ালে পড়ে যায়। বিকেল গড়িয়ে পড়ায় আলোও কমে গেছে। অগত্যা অল্প আলোতেই তাদের ছবি তুলি, ভিডিও করি।

এভাবে মিনিট বিশেক কেটে যায়। বাঘদের গতিবিধি দেখে মনে হলো, ওরা খাল পার হওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা এসে বাগড়া দিয়েছি। ওদের তল্লাটে ঢুকে ওদেরই পথ আটকে আছি! আলমগীর ভাইকে বলতেই নৌকা চালু করেন।

ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। নৌকায় বসে উত্তেজনায় আমি কাঁপছি। অবিশ্বাস্য মুহূর্তটা কি আমার জীবনে সত্যিই ঘটেছে? ভাবতে ভাবতে ক্যামেরা হাতে নিয়ে একটু আগে তোলা ছবি আর ভিডিওগুলো দেখি। ছবি দেখার পর আর ভ্রম বলে মনে হয় না।

রাতে শরণখোলা রেঞ্জে স্মার্ট টিমের সঙ্গে যোগ দিই। ছবি দেখে তারাও খুশি। অনেকে দশকের বেশি সময় সুন্দরবনে কাজ করছেন। কিন্তু বাঘের সাক্ষাৎ পাননি। আবার কেউ কেউ আচমকা হয়তো দেখেছেন কিন্তু ছবি তোলার সুযোগ পাননি। তা নিয়েও আক্ষেপের শেষ নেই। বাঘ দেখা না–দেখা নিয়ে সবার আক্ষেপ শুনতে শুনতে নিজেকে সৌভাগ্যবানই মনে হলো।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com