| Headline |
|
কাতারে বসছে এশিয়া কাপ
|
প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এই আসর, যার নাম রাখা হয়েছে ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৫’।
এর মাধ্যমে কাতার প্রথমবারের মতো কোনো বহুজাতিক আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের অপেক্ষায়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবিতে টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হলেও কাতারে এই প্রথম এমন আয়োজন হতে যাচ্ছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের আসরে মোট আটটি দল অংশ নেবে। এটি মূলত ‘এ’ দলগুলোর প্রতিযোগিতা, যা এতদিন ‘এমার্জিং এশিয়া কাপ’ নামে পরিচিত ছিল। এবারের আসর থেকে টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাইজিং স্টার্স’, এবং এটি অনুষ্ঠিত হবে টি২০ ফরম্যাটে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, কাতারে টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে ক্রিকেটের প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধি করা। দেশটি ইতিমধ্যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও অবকাঠামো প্রস্তুত করেছে, যা এই আসর সফলভাবে আয়োজনের জন্য যথেষ্ট। এসিসি’র এক কর্মকর্তা বলেন, “মধ্যপ্রাচ্যে ক্রিকেট এখন দ্রুত জনপ্রিয় হচ্ছে। কাতারকে আমরা এই অঞ্চলের নতুন ক্রিকেট হাব হিসেবে দেখতে চাই। রাইজিং স্টার্স টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের জন্য হবে বড় একটি প্ল্যাটফর্ম।” বিশ্লেষকরা মনে করছেন, এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৫ তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে এবং ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের পারফরম্যান্সে তা ইতিবাচক প্রভাব ফেলবে। |