| Headline |
|
যারা একাধিকবার বিয়ে করেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না: শবনম ফারিয়া
|
|
২৫ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, “কেউ কখনো এই ভেবে বিয়ে করে না যে, একদিন এই সম্পর্ক ভেঙে যাবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি সম্পর্কটা টিকিয়ে রাখতে। আমরা যতই শিক্ষিত, সফল বা দৃঢ়চেতা হই না কেন—মন চায় সম্পর্কটা বাঁচিয়ে রাখতে, যদি না সেখানে বিশ্বাসঘাতকতা থাকে।” নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে ফারিয়া আরও লেখেন, “যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা কখনোই অতীত নিয়ে গর্ব করেন না। একটি সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা স্থাপন করা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে শুরু করতে শক্তি লাগে, লজ্জা নয়।” তিনি অনুরাগী ও অনুসারীদের উদ্দেশে বলেন, “দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে ফিরে দাঁড়াতে কতটা সংগ্রাম করেন।” পোস্টের শেষভাগে জীবনের অনিশ্চয়তা ও সহমর্মিতার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন ফারিয়া। তাঁর ভাষায়, “কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।” নিজের এই বার্তায় শবনম ফারিয়া বোঝাতে চেয়েছেন, ব্যর্থ সম্পর্কের পর নতুন করে জীবনের পথে হাঁটা দুর্বলতার নয়, বরং সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। তাঁর মতে, নতুন সম্পর্ক মানে নতুন করে বিশ্বাস, ভালোবাসা আর আশার আলো—যা জীবনের প্রতি আস্থা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। সামাজিক মাধ্যমে তাঁর এই লেখা দ্রুত ছড়িয়ে পড়েছে, ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে পাচ্ছেন সমর্থন ও প্রশংসা। অনেকেই বলছেন, শবনম ফারিয়ার এই বক্তব্য নারীদের জন্য এক অনুপ্রেরণার বার্তা—যা শেখায়, ভাঙনের পরও জীবন থেমে থাকে না, বরং নতুন করে শুরু করার মধ্যেই জীবনের আসল শক্তি লুকিয়ে আছে। |