| Headline |
|
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
|
|
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হুমকির অভিযোগে মামলা করেছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে তিনি এই মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে জাহাঙ্গীর আলম নিজেই বাদী হয়ে মামলাটি দাখিল করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন— সাইদুর রহমান শাহিদ, সাগর, ইফতেখার হোসেন, আফজালু রহমান সায়েম, সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সোনিয়া আক্তার লুবনা, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, মেহেদী হাসান প্রিন্স ও জাহিদ। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী জাহাঙ্গীর আলম গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে আহত হন। চলতি বছরের ২৭ মে তিনি অনুদানের বিষয়ে আলোচনা করতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। তিনি অভিযোগ করেন, জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে এলে আবারও মারধর করা হয় এবং তাকে ‘ভুয়া জুলাই যোদ্ধা’ স্বীকারে বাধ্য করার চেষ্টা করা হয়। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেসবুক পোস্ট ও রাজনৈতিক ছবি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, পরে তার হাতে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসা নেন। |